ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপে) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে উপজেলার শত শত কৃষক চরম দুর্ভোগে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা শ্যালো মেশিন, পাওয়ার টিলার, হারভেস্টর ও স্প্রে মেশিন চালানোর জন্য ফিলিং স্টেশন থেকে ক্যানে করে ডিজেল নিয়ে আসতেন। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ থাকায় কৃষিকাজে দেখা দিয়েছে জটিলতা।
কৃষক ময়েজ উদ্দিন বলেন, কয়েকদিন ধরে উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া স্লিপ (চিরকুট) নিয়ে পাম্পে গেলেও তেল পাওয়া যাচ্ছে না। এতে অনেক কৃষককে খালি হাতেই ফিরে আসতে হচ্ছে।
তিনি আরও জানান, তেল না পেয়ে একপর্যায়ে কৃষকদের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে ফোন করা হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন বলেন, কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কৃষকদের জন্য তেল সরবরাহ সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পাম্পে তেল নেওয়ার জন্য নতুন প্যাড ছাপানোর কাজ চলছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ক্যানে তেল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই মোটরসাইকেল চালকদের সঙ্গে কৃষকদের বিরোধ তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে পাম্প মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন