ঈশ্বরদীতে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে অনেকে মাদুর, চটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে এসে রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দিয়ার বাঘইল এলাকার মেসার্স ফেইথ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন গোলচত্বর পর্যন্ত পৌঁছে গেছে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে অনেকেই পাশের গ্রামীণ ব্যাংকের সাহাপুর শাখার সামনে গাছের নিচে মাদুর বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন। কেউ কেউ আবার শুয়ে মোবাইল ব্যবহার করতেও দেখা গেছে।
ভুক্তভোগীরা জানান, তেল পাওয়ার আশায় ভোর রাত থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। তীব্র গরম থেকে বাঁচতে তারা সঙ্গে করে মাদুর, পানীয় ও খাবার নিয়ে আসছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে বাধ্য হয়ে এমন ব্যবস্থা নিতে হচ্ছে।
তাদের অভিযোগ, সরকার থেকে পর্যাপ্ত জ্বালানি মজুদের কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অদৃশ্য কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘন্টা নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে আয়-রোজগারও। দ্রুত এই সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন