রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগস্ট মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থাকবেন।
মন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আর সেপ্টেম্বরের মধ্যে দুই ইউনিট মিলিয়ে প্রায় ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন